উচ্চারণগুলি শোকের

লক্ষ্মী বউটিকে আমি আজ আর কোথাও দেখি না,
হাঁটি হাঁটি শিশুটিকে কোথাও দেখি না;
কতগুলি রাজহাঁস দেখি,
নরোম শরীর ভরা রাজহাঁস দেখি
কতগুলি মুখস্থ মানুষ দেখি, বউটিকে কোথাও দেখি না
শিশুটিকে কোথাও দেখি না!


তবে কি বউটি রাজহাঁস?
তবে কি শিশুটি আজ সবুজ মাঠের সূর্য, সবুজ আকাশ?


অনেক যুদ্ধ গেলো,
অনেক রক্ত গেলো,
শিমুল তুলোর মতো সোনারূপো ছড়ালো বাতাস।


ছোটো ভাইটিকে আমি কোথাও দেখিনা,
নরোম নোলক পরা বোনটিকে আজ আর কোথাও দেখিনা!


কেবল পতাকা দেখি,
কেবল উৎসব দেখি,
স্বাধীনতা দেখি!


তবে কি আমার ভাই আজ ঐ স্বাধীন পতাকা?
তবে কি আমার বোন, তিমিরের বেদীতে উৎসব?