সেদিন তুমি আমায় ডেকো

যেদিন সপ্তপদীর লগ্ন হবে,
মন্ত্রপাঠে মগ্ন হবে;
আমায় সেদিন ডেকো না।


যখন আদিম নাচন নাচা হবে,
অনেক কচিকাঁচা হবে;
আমায় সেদিন ডেকো না।


যেদিন তুলসীগাছটি মরে যাবে,
হাতের শাঁখা ঝরে যাবে;
আমায় সেদিন ডেকো না।


যেদিন সিঁথির সিঁদুর ফুরিয়ে যাবে,
গরম কফি জুড়িয়ে যাবে;
আমায় সেদিন ডেকো না।


যখন তুমি কুঁজো হবে,
ঠাকুরঘরে পুজো হবে;
আমায় সেদিন ডেকো না।


যদি স্বর্গে যাবার একটু আগে
কাব্য শোনার ইচ্ছে জাগে;
অপেক্ষাতে তুমি থেকো,
সেদিন তুমি আমায় ডেকো।