সপ্তপদী

পান্থ প্রেমের এই গুরুভার
তুমি ছাড়া বলো বইবে কে?
তোমার আঙ্গিনা দিয়ে ভিজে যাই
দ্বার খোলো বঁধু তাই দেখে।

নদীতে জোয়ার খেয়া-পারাপার
বন্ধ হয়েছে, হাট লোপাট।
শুধু আছে মেঘে বজ্রআবেগে
আকাশ-ছড়ানো বিজন বাট।
এই দুর্যোগে ঘরকে বাহির,
তুমি ছাড়া বলো, বাহির ঘর
কেই-বা করবে? তোমারই হৃদয়
আকাশের নীড়, নদীর চর।
আত্মদানের সে নীল আকাশে
বিরাট শূন্য বাঁধবে কে
তুমি ছাড়া বলো? তোমারই হৃদয়ে
থমকাই শেষে, তাই দেখে।