বিনিময়

তার বদলে পেলে-
সমস্ত ঐ স্তব্ধ পুকুর
নীল বাঁধানো স্বচ্ছ মুকুর
আলোয় ভরা জল-

ফুলে নোওয়ানো ছায়া-ডালটা
বেগনি মেঘের ওড়া পালটা
ভরলো হৃদয়তল-
একলা বুকে সবই মেলে।।


তার বদলে পেলে-
শাদা ভাবনা কিছুই-না-এর
খোলা রাস্তা ধুলো-পায়ের,
কান্না-হারা হাওয়া
চেনা কণ্ঠে ডাকলো দূরে
সব-হারানো এই দুপুরে
ফিরে কেউ-না-চাওয়া।
এও কি রেখে গেলে।।